কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
গত ৬ এপ্রিল এক কলেজছাত্রকে মাদক ব্যবসায়ী বানিয়ে থানায় ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এ নির্দেশ দেয় আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি-২ (দৌলতপুর-ভেড়ামারা) আদালতের বিচারক এম এম মোর্শেদ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
দৌলতপুরের ওই কলেজছাত্র আব্দুল্লাহ আল মামুনকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে কি না, থানা হাজতে থাকাবস্থায় এসআই জাহিদ হুমকি প্রদর্শন করেছেন কি না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন লংঘন করে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি প্রদান করেছেন কি না- তা আদালত জানতে চেয়েছেন।
কুষ্টিয়া সহকারী জজ আদালতের বিচারক ফয়সাল আল মামুনকে আগামী ৩১ মের মধ্যে এ বিষয়ে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মামুন বাড়ির সামনে চায়ের দোকানে বসে গল্প করার সময় দৌলতপুর থানার এসআই জাহিদের নেতৃত্বে কয়েকজন পুলিশ সেখানে যায়। পুলিশ সদস্যরা তার নাম-পরিচয় জানতে চান। তিনি বলার পর তাকে হাতকড়া পরিয়ে দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাতে তাকে হাজতেই রাখা হয়।
রাত আড়াইটার দিকে থানার এসআই জাহিদ হাজতখানায় ঢুকে বলেন, ‘মানসিকভাবে প্রস্তুতি নিন। ওপরের নির্দেশ আছে। আপনাকে গুলি করা হবে।’ এই বলে এসআই চলে যান। রাত ৩টার দিকে পুনরায় হাজতখানায় ঢুকে এসআই জাহিদ তার নাম-পরিচয়-ঠিকানা লিখে নেন। তখন মামুন এসআই জাহিদকে বলেন, ‘আমাকে বুকে গুলি করে মেরে ফেলেন। পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েন না।’
পরে গত ৯ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত মাসিক সভায় কলেজ ছাত্রকে গুলি করে হত্যার হুমকির প্রসঙ্গটি উত্থাপন করে পুলিশের ক্ষমতার অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কুষ্টিয়াসহ দেশব্যাপী তোলপাড় শুরু হয়।


