জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কংস নদে নৌকাডুবে নিখোঁজ হওয়া স্বপন মিয়া (২৫) ও সোহেল মিয়ার (২১) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নদের পৃথক স্থান থেকে পুলিশ ও স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই লাশই উদ্ধার করা হলো। এর আগে বৃহস্পতিবার সকালে মাদ্রাসাছাত্র মাহবুব মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়।
স্বপন মিয়া উপজেলার ডেউটুকোন গ্রামের আবু সিদ্দিকের ছেলে আর সোহেল মিয়া পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্বধলার জামতলা বাজার ও দুর্গাপুরের মুচারবাড়ি ফেরিঘাটে নদের মাঝামাঝি স্থানে নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে একজনের লাশ উদ্ধার হয়। শুক্রবার সকাল ১০টার দিকে কংস নদের বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায় একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে তা স্বপন মিয়ার লাশ হিসেবে শনাক্ত করেন তার পরিবারের লোকজন। এদিকে আজ বেলা ১১টার দিকে নদের মোচারবাড়ি ফেরিঘাটে সোহেল মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া বলেন, এই ফেরিঘাট দিয়ে নৌকায় করে লোকজন নিয়মিত নদ পারাপার হন। বুধবার জামতলা বাজারে সাপ্তাহিক হাট বসেছিল। এজন্য নদ পারাপারে যাত্রীদের চাপ বেশি ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেরিঘাট থেকে প্রায় ২০ জন লোক নিয়ে নৌকাটি ছেড়ে যায়। নদের মাঝামাঝি অংশে স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। এতে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে।


