কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় ১৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফরিদুল আলম। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সামছুল আলম ওরফে কালু (৩২), জাহেদ হোছাইন (১৮), অছিউল্লাহ (২৭), আউয়ুব আলী (৩১), আজিজুল হক (২৬), মকবুল আহমদ (১৮), রফিক আলম (২১), খাইরুল আমিন (৩৬), ফজল করিম (২৫), মোহাম্মদ ইলয়াছ (২১), মো. আব্দুল্লাহ (১৮), জাহাঙ্গীর আলম (৩২), জিয়াউর রহমান (১৮), আনোয়ার হোসেন (২৩), মোহাম্মদ রুবেল (২২), রাশেদুল হক (৩১), নুরুল আলম (২৫), মোহাম্মদ রুবেল (২৩) ও মো. ইমাম হোসেন ওরফে নবী হোসেন (৩০)। এরা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এপিপি ফরিদুল আলম বলেন, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে কোস্টগার্ডের সদস্যরা মাছ ধরার দুটি ট্রলারসহ ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় ট্রলারে তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় কোস্টগার্ডের সদস্যরা বাদী হয়ে গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন। পরে একই বছরের ১৯ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দেয়।


