কক্সবাজারে দীর্ঘ আড়াই মাস আগে অপহৃত এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার

চট্টগ্রামঃ কক্সবাজার জেলার পেকুয়া থেকে দীর্ঘ আড়াই মাস আগে অপহৃত নাইমুল হাসান নামে এক শিশুকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।

অপহৃত শিশু নাইমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।

র‌্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম বলেন, ‘বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে শিশু নাইমুল হাসানকে উদ্ধার করা হয়েছে। পেকুয়া থেকে তাকে অপহরণ করে সোহেল ও পারভেজ। এরপর তাকে এ কলোনির একটি কক্ষে আটকে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।