কক্সবাজারে বাস উল্টে তিনজন নিহত ও ১৪ জন আহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের বাস উল্টে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রামু বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামু হাইওয়ে পুলিশের এসআই চন্দন জানান, আসমা পরিবহনের একটি বাস চট্টগ্রামের হাটহাজারি থেকে কক্সবাজার যাচ্ছিল। রামু বাইপাস এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৪ জন আহত হন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।