কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে প্রতিনিধি দলটি একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
তাদের সঙ্গে আছে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
একদিনের এই সরকারি সফরে তারা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।
কক্সবাজার সফরে প্রতিনিধি দলটি স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। এছাড়া তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে সফর সংশ্লিষ্ট সূত্র।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।


