কমছে নদ-নদীর পানি, বাড়ছে দুর্ভোগ

জেলা ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে নেত্রকোনার ধনু, কংস, সোমেশ্বরী, উব্দাখালী, মগড়াসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার থেকে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্গাপুর ও কলমাকান্দায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নে সোমেশ্বরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নেতাই নদীর পানি প্রবেশ করে গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান, আটলা, নন্দেরছটি, হাতিমারা নাওদারা, জাগিরপাড়া, গাঁওকান্দিয়া, কান্দা, ভাদুয়া ও কুল্লাগড়া ইউনিয়নের বিলকাঁকড়াকান্দা, লোহাচোরা, বন্দকাটুরী, পলাশগড়া, মুন্সিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে বারহাট্টা উপজেলার রায়পুর, সাহতা, সিংধা সদরের ঠাকুরাকোনা, কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার দুর্গাপুর ও কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, উপজেলার কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। প্রায় তিনশ পারিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এছাড়া পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলার কলমাকান্দা ও দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বেড়েছে। মঙ্গলবার বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করেছে। সোমবার কলমাকান্দায় কয়েকটি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।