বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহর। একটি রেডিও শো করেন তিনি। এতে শ্রোতাদের নানা সমস্যার কথা শুনে সমাধান দেন। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজন চলছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এতে সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকারাও করনকে নানা সমস্যা নিয়ে ফোন কল করছেন। সম্প্রতি একটি পর্বে কল করেছেন শ্রীদেবীকন্যা জানভি কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নানা রকম বিদ্রূপের শিকার হতে হয়। করনের কাছে জানভির প্রশ্ন ছিল এই বিষয়ে। বিদ্রূপের বিষয়টি কীভাবে সামলানো যায় জানতে চান জানভি। এরপর শ্রীদেবী কন্যাকে পরামর্শ দিয়ে করন বলেন, ‘জানভি তোমার সঙ্গে এ বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। বিষয়গুলোতে মজা নিতে শেখো। এগুলো একদল অসুখী, বেকার, শ্রীহীন, একাকিত্বে ভোগা মানুষের কাজ। তারা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে হতাশ এবং রাগান্বিত। তোমার খ্যাতি, সৌন্দর্য, সুযোগ-সুবিধা তারা মেনে নিতে পারে না।’ ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন জানভি কাপুর। এছাড়া করন জোহরের ‘তখত’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুঘল আমলের ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে আরো অভিনয় করবেন- অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল প্রমুখ। ২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


