করোনার টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি আতিকের

করোনার টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ার দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আতিক বলেন, সরকার বিনা পয়সায় টিকা দিচ্ছে, আপনি হেলায় টিকা নেবেন না, আপনি গুরুত্ব দেবেন না, এটা একটা অপরাধ। আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই। এটি একটি অপরাধ আর অপরাধ যদি হয়, অবশ্যই তার শাস্তি হবে। সেই শান্তি হলো ট্রেড লাইসেন্স বন্ধ।

তিনি আরও বলেন, টিকার আওতায় সবাইকে আসতে হবে। প্রথম ডোজের টিকা সবাইকে যদি দিতে পারি আমরা, আস্তে আস্তে দ্বিতীয় ডোজটাও পারব। টিকা আমার, সুরক্ষা সবার। নো ভ্যাকসিন, নো সার্ভিস। যারা টিকা নেবেন না আগামী ১ মার্চ থেকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিক।

আতিক বলেন, গণটিকা কার্যক্রম আজই শেষ হবে। তাই সবাইকে বলতে চাই, আপনারা আসুন। উত্তর সিটি করপোরেশনে আমাদের ৪৮৬টি কেন্দ্র খোলা আছে। আমি খবর নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে আছে।

দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৮ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ১৭ লাখের বেশি মানুষ।
গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম সংবাদ সম্মেলনে জানান, বিশেষ টিকা ক্যাম্পেইন হবে ২৬ ফেব্রুয়ারি।

এরপর প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে। ওই ঘোষণার পর দেশের টিকাদানকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারির পরও প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হবে না। তবে প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষদিক থেকে রোগী বাড়তে শুরু করে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে রোগী শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে।
গত ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন।