দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২০ জনের।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।
এর আগে, সোমবার (২৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময়ে করোনা শনাক্ত হয় ৮১ জনের দেহে।
এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৯৯১ জন। অন্যদিকে দুই হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ ৫১ হাজার।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


