করোনায় একদিনে আরও সাড়ে চার হাজার মৃত্যু, শনাক্ত ২১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। জানুয়ারির শুরু থেকে প্রতিদিন সারাবিশ্বে সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও চার হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ২ হাজার ৮৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৫৫ হাজার ৭৭ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ১১ হাজার ৭৯৭ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩১ কোটি ৯ লাখ ১০ হাজার ৪৮৬ জনে। এছাড়া সুস্থ হয়েছেন মোট ২৬ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ৮৩৭ জন। মারা গেছেন ১ হাজার ২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ২৬ লাখ ৬১ হাজার ২৭২ জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৬১ হাজার ৩৩৬ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫০৫ জন। ভারতে এ পর্যন্ত ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জনের মৃত্যু এবং তিন কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন।