সংসদ প্রতিবেদক : বিড়ি বিদায় করার আগে বিকল্প কাজের ব্যবস্থা না হলে ২০ থেকে ২২ লাখ শ্রমিক না খেয়ে অকালে মৃত্যুবরণ করবে। এর ফলে উত্তরবঙ্গে মহাদুর্ভিক্ষ দেখা দেবে বলে মনে করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও প্রাক্তন মন্ত্রী মো. মোতাহার হোসেন।
তাই ধূমপানে নিরুৎসাহিত করতে হলে শুধু বিড়ি নয়, সিগারেটের ওপরেও উচ্চ হারে কর আরোপ করার জানান তিনি।
মঙ্গলবার সংসদে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন বলেন, ‘সারা দেশে প্রায় ২০ থেকে ২২ লাখ বিড়ি শ্রমিক রয়েছে। আমরা সবাই ধূমপান ‘ডিসকারেজ’ (নিরুৎসাহিত) করি। ধূমপান নিষিদ্ধকরণ করতে হবে। সিগারেটের ওপর আপনি কত পার্সেন্ট ট্যাক্স ধরেছেন? বিড়ির ওপরে ২০০ শতাংশ কর আরোপ করেছেন। তাহলে সিগারেটের ওপর ২০০ শতাংশ হবে না কেন? বিড়ি খাওয়া বন্ধ করবেন। আর সিগারেট খাওয়াকে উদ্বুদ্ধ করবেন, এটা দ্বৈতনীতি। এটা বন্ধ করতে হবে। রংপুরের মানুষ হিসেবে বলব বিড়ি বিদায় করার আগে ২০ থেকে ২২ লাখ শ্রমিককে বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। না হলে আমাদের বিড়ি শ্রমিকেরা অকালে মৃত্যুবরণ করবে। যার ফলে উত্তরবঙ্গে একটা মহাদুর্ভিক্ষ দেখা দেবে।
তিনি বলেন, শিক্ষাখাতে অর্থমন্ত্রী সুচতুরভাবে শুভঙ্করের ফাঁকি দিয়ে যাচ্ছেন। তিনি শিক্ষা খাতে বরাদ্দ দেখিয়েছেন ৬৫ হাজার কোটি টাকা। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায় ৪ হাজার কোটি টাকা দিয়েছেন। আর ১৫ হাজার কোটি টাকা দিয়েছেন বিজ্ঞান প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি খাতে। তার মানে শিক্ষায় উনি দেখিয়েছেন ৬৫ হাজার কোটি টাকা। বাস্তবে এখাতে ৫০ হাজার কোটি টাকা দিয়েছেন। এই শুভঙ্করের ফাঁকি প্রতি বছরই দিয়ে যাচ্ছেন। গত বছর প্রাথমিক গণশিক্ষা ও মাধ্যমিক শিক্ষার সঙ্গে ধর্মশিক্ষা যোগ দিয়েছিলেন। এর আগে স্পোর্টস কাউন্সিল ঢুকিয়ে বরাদ্দ বেশি দেখিয়েছেন।


