কাফরুলে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কাফরুলে ছুরিকাঘাতে শাহজাহান রুবেল (৪৩) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে কাফরুলের ইব্রাহিমপুরে এই ঘটনা ঘটে। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত রুবেল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত মহিবুল্লাহ ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইব্রাহিমপুর এলাকায় থাকতেন।

ঢামেকে নিহতের ছোট ভাই মেহেদি হাসান সাংবাদিকদের জানান, রুবেল পেশায় ব্যবসায়ী। ইব্রাহিমপুরে তামান্না কমপ্লেক্স মার্কেটের নিচে ‘রাহি পারটেক্স’ নামে একটি দোকানের মালিক ছিলেন তিনি। রাতে দোকান বন্ধ করে ইব্রাহিমপুরের গেদু মোল্লা রোড এলাকার একটি মুদি দোকান থেকে দুধ কিনে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রুবেল।