জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষের অন্তত ২০/২৫টি বসতঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ, ভাঙচুর, ও লুটপাট করা হয়।
রোববার (১০ মে) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর-শ্রীমন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত পথচারী নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর-শ্রীমন্তপুর গ্রামের রইছ মেম্বারের সঙ্গে একই এলাকার পারভেজের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে রোববার (১০ মে) সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিকেলে আবারও দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নূরুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
নূরুল ইসলামের মারা যাওয়ার খবর এলাকায় প্রচার হলে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নূরুল ইসলামকে নিজেদের লোক দাবি করে গ্রামের একটি পক্ষ শ্রীমন্তপুর গ্রামের লুকার, মতিউর, পুষ্প, খালেদা, বাবুল, উসমানসহ অন্তত ২০/২৫টি বসতঘর, স্বাধীন বাজারের দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেয়।
থবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদরসহ পাশের উপজেলার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সংঘর্ষ থামাতে মাঠে নামেন র্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বর্তমানে ঘরবাড়িসহ সহায়-সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের দাবি এতে ঘরবাড়ি, দোকানপাট, মটরসাইকেল, গরু, ছাগল, ধান ও আসবাবপত্রসহ কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১০ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।


