কী উপহার দিলেন মোদি বিরাট ও আনুশকাকে?

বিনোদন ডেস্ক : গত ১১ ডিসেম্বর ইতালিতে অনেকটা গোপনেই বিয়ে করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছিল বিয়ের আয়োজন। এরপর দেশে ফিরে দিল্লি ও মুম্বাইয়ে দুটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন বিরাট-আনুশকা।

এর মধ্যে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হয় বিরুশকার প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। এতে উপস্থিত ছিলেন বিরাটের সতীর্থ খেলোয়াড় সুরেশ রায়না, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ানসহ অন্যান্যরা।

তবে সবাইকে অবাক করে বিরাট-আনুশকার বিবাহোত্তর সংবর্ধনায় হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রবেশ করেই বিরুশকাকে দুটি গোলাপ উপহার দেন তিনি। আর হাসিমুখে সেটি গ্রহণ করেন নবদম্পতি।


এর আগে ২০ ডিসেম্বর নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসায় দেখা করেন বিরাট-আনুশকা। মোদির বাসায় তিনজনের একটি ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, মোদির হাতে একটি ব্যাগ তুলে দিচ্ছেন কোহলি, তার পাশে দাঁড়িয়ে আনুশকা। তখনই ধারণা করা হয়েছিল, বৃহস্পতিবার নয়াদিল্লিতে হতে যাওয়া বিবাহোত্তর সংবর্ধনার দাওয়াত দিতে মোদির বাসায় গিয়েছিলেন কোহলি-আনুশকা দম্পতি।

বিরাট-আনুশকার পরবর্তী বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এ আয়োজনে আনুশকার বলিউড সহকর্মী ও বিরাটের সতীর্থ খেলোয়াড়রা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।