কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিভিন্ন অপরাধে কারাগারে বন্দী ছিল। জামিনে মুক্ত হয়েছেন আজ। বাড়ি ফিরবেন এখনই। এরকম মানুষদের গাছের চারা উপহার দিচ্ছেন কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা। গাছের চারার সাথে ইতিবাচক জীবনে ফেরার নোট দিয়ে প্রতিটি চারার সাথে দেয়া হচ্ছে একটি করে শুভেচ্ছা কার্ড।
মঙ্গলবার(১৮ জুলাই) কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হোন ১৪ জন। তাদের প্রত্যেকেই দেয়া হয় বনজ বা ফলজ গাছের চারা। জুলাই মাস জুড়ে প্রতিদিন কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তদের দেয়া হবে এইসব গাছের চারা। চারাগাছ বিতরন করেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী, জেলার আবু ছায়েম।
কুড়িগ্রামের জেলা পুলিশ কেন এই উদ্দ্যোগ নিল-এমন প্রশ্নের জবাবে জানা যায়, অপরাধীরা যাতে মাদক ছেড়ে, অপরাধ ছেড়ে ইতিবাচক ও উন্নয়নমুখী জীবনের জয়যাত্রায় এগিয়ে যায়, সেজন্য আমরা সহায়তা করছি। এও সত্য সবুজে ভরপুর জীবন, প্রকৃতিময় মানুষ কম অপরাধপ্রবন হয়, গাছ ও প্রকৃতি মানুষকে নিউরো-ব্যালেন্সড বিইং হিসাবে রুপান্তর করে, সেজন্য কম অপরাধ করে।
জামিনে মুক্তি পাওয়া মোয়াজ্জেম উচ্ছসিত হয়ে বলেন, এরকম তো কোনদিন শুনিনাই, জেল থাকি ব্যারাইলে মানুষ গাছ দেয়। খুব ভাল নাগিল বায়। জামিনে মুক্ত জব্বার বলেন, আর কোনদিন মাদকের সাথে যুক্ত হবোনা, গাছ লাগাবো, সুন্দর জীবন যাপন করবো।
একটি দুর্দান্ত ইতিবাচক উন্নয়নমুখী জীবনের জন্য জুলাই মাসে প্রতিদিন জামিনে মুক্তদের চারা বিতরনে কুড়িগ্রাম জেলা পুলিশের এই কার্যক্রমে সার্বিক সহায়তা অব্যাহত রাখছে কুড়িগ্রাম জেলা প্রসাশন ও জেলা কারাগার কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলা পুলিশের ‘সবুজ করি কুড়িগ্রাম’ মাসব্যাপী কার্যক্রমের প্রথম পর্যায়ে ১০ সহস্রাধিক গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন অভিযানের অংশ হিসাবে এই অভিনব ও নতুন ধারনার উদ্দ্যোগ গ্রহন করা হয়।


