সাইফুল আলম চৌধুরী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা মহানগর শাখার সভাপতি উৎবাতুল বারী আবু-এর পিতা শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা কুমিল্লা টাউনহল মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শমশের আলীর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


