অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ আলোচনার মধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি কূটনীতিক পাসপোর্ট জমা দিয়েছেন, তবে তিনি কোথাও ‘যাবেন না’।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর এসেছে।
মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার ‘হিড়িক’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, না না, হিড়িক না। আমি দিয়ে দিয়েছি। আমি আর যাব না কোথাও, সেটা এক নম্বর। আমার স্বাস্থ্যটা খুব ইসে না, আপনি জানেন। আমি আর এমন জরুরি কিছু না। আমি সাধারণত জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না। সেজন্য আমি দিয়ে দিয়েছি, অনেকেই দিয়ে দিচ্ছে। এটা নিয়ম হল, দিয়ে দেওয়া।
তার সঙ্গে তার স্ত্রীর পাসপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও অর্থ উপদেষ্টা তুলে ধরেন।


