জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেছেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে। সেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। কোনো কোনো নির্বাচনি এলাকায় ৭০ শতাংশের ওপরে মানুষ ভোট দিয়েছেন। তিন দিন ছুটি পাওয়ায় অনেকেই শহর থেকে গ্রামে চলে গিয়েছিলেন, সে কারণে কিছু বড় শহরে ভোটের হার কম হয়েছে। এরপরও আমাদের ভোটের হার ৪২ শতাংশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন পর্যবেক্ষক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং বিভিন্ন জোটভুক্ত দেশের পর্যবেক্ষক যারা এসেছিলেন তারা সবাই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেছে। জাপান থেকে শুরু করে প্রায় ৩১টির বেশি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন। ভারত, চীন, রাশিয়া অভিনন্দন জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে হাছান মাহমুদ বলেন, যারা ভোট বর্জনের কথা বলেছিল এবং অগ্নিসন্ত্রাস চালিয়ে ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, সেই বিএনপি-জামায়াতকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। উৎসাহের সঙ্গে ভোট দিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।


