নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কোনো বিচারপতি যদি ছুটিতে যান সেটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। যারা রাজনীতি করছেন তারা স্বপ্রণোদিত হয়ে করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দলের কব্জায় গেছে।
বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘আমি আগেও বলেছি, যারা রাজনীতি করছেন তারা স্বপ্রণোদিত হয়ে করছেন। আমাদের বার অ্যাসোসিয়েশন একটি রাজনৈতিক দলের কব্জায় গেছে। তারা সেই দলের নানারকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাদের মোল্লার স্ত্রী-স্বজনদের নিয়ে বারের অডিটোরিয়াম ব্যবহার করা এবং যু্দ্ধাপরাধের মামলার বিপক্ষে অবস্থান নেওয়া, এসব কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ। এটা তো তারা করেছেন।’
প্রধান বিচারপতির ছুটি নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন, বার অ্যাসোসিয়েশনের সভাপতির এমন বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এগুলো উদ্বেগ তারা নিজেরাই তৈরি করেছেন। আমাদের দেখতে হবে, আদালতের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কি না। কাজেই আমাদের এখানে উদ্বেগের কিছু নেই।’
প্রধান বিচারপতির শারীরিক অবস্থা কি তা জেনেছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমার দায়িত্ব না। প্রধান বিচারপতি কোথায় থাকবেন, কোথায় আছেন, সেটা জানা তো আমার দায়িত্ব না। এ বিষয়ে বেশি উৎসাহী যারা তারা খুঁজে দেখুক।’


