জেলা প্রতিবেদকঃ জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শেখ জাহেদ (১৮) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নম্বর ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ওমর (১৮) নামে আরেকজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
শেখ জাহেদ রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ এবং ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, শুক্রবার রাতে আমার ভাগিনা জাহেদকে পূর্ব শক্রতার জের ধরে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপু সহ ১৫ থেকে ২০ জনের একদল প্রকাশ্যে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


