বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে সরকারি কোর্ট ফি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জাল কোর্ট ফি জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে র্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বেনাপোল বাজারের কোহিনূর টেলিকমের মালিক উজ্বল হোসেন, আলামিন ট্রেডিংয়ের কর্মচারী শামিম হোসেন ও সাদিক কম্পিউটারের কর্মচারী সুমন।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসাইন জানান, তাদের কাছে তথ্য ছিল বেনাপোল বন্দর এলাকার কাস্টমস হাউজের সামনে কিছু কম্পিউটারের দোকানে দীর্ঘদিন ধরে সরকারি কোর্ট ফি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছে। পরে র্যাব সদস্যরা সেসব প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় তিনটি প্রতিষ্ঠান থেকে বেশকিছু জাল কোর্ট ফি পাওয়া যায়। পরে জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি বলেন, অভিযুক্তরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ ধরণের জালিয়াতি ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


