আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ খাদ্য সংকটের কারণে আবারও সন্তান বিক্রির হিড়িক পড়েছে আফগানিস্তানে। বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বাসিন্দাদের। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
তীব্র মানবিক বিপর্যয় আফগানিস্তানজুড়ে। দেশটির অন্তত ৯৫ শতাংশ মানুষ ভয়াবহ খাদ্যসংকটে রয়েছেন। চাকরি না থাকায় সংসার সামলাতে হিমশিম অবস্থা অনেকের। লাখ লাখ শিশুর অপুষ্টিজনিত সমস্যাতো আছেই। এমনকি প্রয়োজনীয় ওষুধও কিনতেও পারছেন না তারা। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বেশির ভাগ। এ অবস্থায় জীবিকা নির্বাহের উপায় না পেয়ে নিজ সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির নাগরিকরা।
এ অবস্থায় আফগানিস্তানে ত্রাণের জন্য রেকর্ড পরিমাণ ৪৪০ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দেশটিতে আফগানদের খাদ্য, আশ্রয়, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের প্রয়োজন।
তিনি বলেন, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্নদের দেশগুলোর মধ্যে এখন অন্যতম। দেশটিতে অবিশ্বাস্যভাবে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। সীমাহীন দারিদ্র্য আর বেকারত্ব চেপে বসেছে আফগানিস্তানে। তাই আমরা রেকর্ড পরিমাণ অনুদানের আহ্বান জানিয়েছি।
গত বছরের ১৫ আগস্ট তালেবান সরকার ক্ষমতায় বসার পর থেকে আন্তর্জাতিক সহায়তার বিলিয়ন বিলিয়ন ডলার আটকে যাওয়ায় সরকারি পরিষেবাগুলোও ভেঙে পড়েছে। কোনোভাবেই অর্থনীতির চাকা সচল করতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশটি।


