তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দুই সপ্তাহ পর অবশেষে মজুরি পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার সেই ২ হাজার ৪০২ জন শ্রমিক। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা তাদের ব্যবহৃত মোবাইল ব্যাংকিং একাউন্টে মজুরির টাকা যোগ হয়। এতে স্বস্তি ফিরেছে এসব শ্রমিকের পরিবারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অতিদরিদ্রদের জন্য গৃহীত ইজিপিপি আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু করা হয়। ৪০ দিন চলে এই প্রকল্পের কাজ। এতে মাথাপিছু ৪০০ টাকা মজুরির ভিত্তিতে ২৪০২ জন নিবন্ধিত শ্রমিক কাজ করার সুযোগ পান। কার্যাদেশ অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হয়েছে গত ৮ জানুয়ারি।
প্রতি প্রকল্পে একজন করে মোট ৫৪ জন সর্দারসহ প্রতিজন শ্রমিক দৈনিক ৪০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজিরা ভাতার টাকা পাওয়ার কথা, কিন্তু প্রকল্পের কাজ দুই সপ্তাহ আগে শেষ হলেও শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা পাননি। এ নিয়ে গত ২৫ ও ২৬ জানুয়ারি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “সরকারি প্রকল্পের ৪০ দিনের মজুরি পাননি ২৪০২ শ্রমিক” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় পর সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। ফলে মজুরির টাকা শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মজুরি টাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা সুশীতল গোবিন্দ চন্দ্র দেব বলেন, আমরা ৪০ কর্মদিবসের মধ্যে প্রথম পর্যায়ে শ্রমিকদের ২০ দিনের মজুরির টাকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করেছিলাম। সোমবার সন্ধ্যা থেকে শ্রমিকদের মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পেতে শুরু করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান বলেন, ‘যাচাই-বাছাই শেষে দ্বিতীয় পর্যায়ের বাকি ২০ কর্মদিবসের মজুরি পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে। এরপর শ্রমিকেরা তাঁদের মজুরির বাকি টাকা পেয়ে যাবেন।


