খানসামায় প্রথমবার ২০০ হেক্টর অনাবাদি জমিতে আমনের বাম্পার ফলন

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা,দিনাজপুর প্রতিনিধি: এক বছর আগেও যে জমি ছিল আবর্জনা ও কচুরিপানায় ভরাটসহ বিভিন্ন আগাছায় পরিপূর্ণ, সেই জমিতেই এখন সোনালি ধানের ঝিলিক। দশ বছরের অনাবাদী জমিতে আমন ধানের বাম্পার ফলন হাসি ফুটিয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের কৃষকের মুখে হাসি। “আমাদের গ্রামের জমিগুলোতে বিগত ১০ বছর ধরে বর্ষাকালে কোন চাষ হচ্ছিলনা। বছরের বেশিরভাগ সময় জমিগুলো পরিত্যাক্ত থাকতো। কিন্তু কোনদিন আমন চাষ করতে পারিনি।
তবে এই বার আমরা এই জমি গুলোতে আমন চাষ করতে পেরেছি আবাদও মোটামুটি ভালো হয়েছে। তবে ফলন একটু কম হবে যাইহোক এতেই হামরা খুব খুশি। কারন হামরা এই জমি গুলা ১০ বছর ধরে জলাবদ্ধতার কারণে আবাদ করতে পারি নাই কিন্ত ড্রেন দেওয়ার কারনে এইবার আবাদের উপযুক্ত হয়েছিল এইজন্য চেয়ারম্যান কে হামরা ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই ধান কাটা অবস্থায় কথাগুলো বলছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের বাসিন্দা রেনু বালা। তিনি সকালের সময়কে বলেন, আমার স্বামী নাই ছেলে মেয়েকে নিয়েই আমার সংসার। এই দোলায় আমার বিঘা খানেক জমি আছে। কিন্তু ১০ বছর ধরে আমন ধান চাষ হচ্ছিল না এবারই প্রথম আমন চাষের আওতায় আসছিল।
তবে এখন চাষাবাদ করতে পেরে খুব ভালো লাগছে। খানসামা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬টি ইউনিয়নে ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৭৬০হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, বছরের পর বছর জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকা এসব জমি ছিল আগাছায় পরিপূর্ণ। অনাবাদি জমিতে আবাদ করতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় খাল পরিষ্কার ও খনন করা হয়। তখন এসব জমি থেকে পানি নেমে যায়। এসব জমি আবাদের আওতায় আনতে স্থানীয় কৃষকদের সঙ্গে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ওই এলাকায় জলাবদ্ধতা ছিল একটি অভিশাপ স্বরুপ।
দীর্ঘদিন ধরে এ জলাবদ্ধতায় কৃষকদের দুঃখ দুর্দশার কথা উপলব্ধি করে ক্যানেল সংস্কার করা জরুরি মনে করি। জনগণের ভোগান্তি লাঘবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম এমনকি উর্দ্ধতন কর্মকর্তার সাথে বহুবার যোগাযোগও করেছি। পার্শ্ববতী জমির মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এই কাজ সফল করতে পেরেছি। এখন ওই এলাকার কৃষকেরা আমন চাষ করতে সক্ষম হয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে। খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, এক ইঞ্চি জমিও অনবাদি রাখা যাবে না। সেই নির্দেশ পালনে আমরা অনাবাদি জমিতে আবাদ করার জন্য মাঠে নামি। সে লক্ষ্যে আমরা এ বছর উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ২০০ হেক্টর জমি আবাদের আওতায় আনতে পেরেছি।” তিনি আরো বলেন, “এসব জমি দশ বছর ধরে অনাবাদি ছিল বলে এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। আশা করছি আগামীতে বাকি অনাবাদি জমিও আবাদের আওতায় আনতে সক্ষম হব।”