খানসামায় ভরা মৌসুমেও বৃষ্টি না থাকায় সেচ দিয়ে কৃষকেরা আমন চারা রোপনে ব্যস্ত

তফিজ উদ্দিন আহমেদ,খানসামায়:  আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। এ সময় প্রকৃতিতে থাকার কথা ভরা বর্ষা। কিন্তু এ মৌসুমেও মিলছে না বৃষ্টির দেখা। তাই দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি না হওয়ায় স্যালো মেসিন দিয়ে সেচের মাধ্যমে  জমিতে আমন চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। মূলত আমন চারা রোপণ করতে বৃষ্টির ওপরই নির্ভর করতে হয়।

যথা সময়ে বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায় হিসেবে সেচযন্ত্র ব্যবহার করে আমন চারা রোপণ করছেন কৃষকেরা। এতে আবাদে খরচ বৃদ্ধি ও উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানির অভাবে কৃষকরা পড়াতে পারছেন না পাট। এরই মধ্যে আমন চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা।

আমনের চারা রোপণের উপযুক্ত সময় আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত। কোথাও জমি তৈরি, কোথাও সেচ দেওয়া, কোথাও চারা রোপণ আবার কোথাও বীজতলা থেকে চারা উত্তোলন করা হচ্ছে। খানসামা উপজেলার সুবর্ণখুলির  কৃষক আজিজুল ইসলাম  বলেন, বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টি না থাকায় স্যালো মেসিন পানি সেচ দিয়ে জমি তৈরী করে চারা রোপণ করেছি। খানসামা  উপজেলার কৃষক আলমগীর হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় এখনো আমনের চারা রোপন করতে পারিনি।

জমিগুলো রোদে ফেটে চৌচির হয়ে গেছে। এবারেও বৃষ্টি না হওয়ায় খাল-বিলে পানি নেই। পাট পচাতে পারছি না। পাট কেটে জমিতেই ফেলে রেখেছি। বৃষ্টির অপেক্ষায় আছি। খানসামা কৃষি সম্প্রসারণ অধিদত্তরের কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, চারা রোপণের এখনো সময় আছে অন্তত ১৫ দিন। এ জন্য তারা বিকল্প উপায়ে আমন চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষকদের।