তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনি ধিঃ দিনাজপুর জেলা খানসামা উপজেলার টংগুয়া শিশু কানন বিদ্যানিকেতন এর আয়োজনে ৪ নভেম্বর সকাল ১০টার সময় বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। “আমাদের সন্তান আমাদের গর্ব-শিশু কানন এর শিক্ষা তার প্রথম পর্ব,শিক্ষা দিয়ে গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আংগার পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনি কুমার রায়। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, টংগুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের পরিচালক রানী আক্তার, খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান ও দপ্তর সম্পাদক মাসুদ রানা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ কথা বলেন অভিভাবকগণ এবং তাদের মনের ভাব প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় গড়ে উঠেছে। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের উদ্যেশ্য। এ উদ্যেশ্য বাস্তবায়ন ও প্রতিষ্ঠানের পরিচালকের স্বপ্ন পূরণে শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয়ে পরিণত করবে।


