খানসামা হোসেনপুর মাদ্রাসায় ভরদুপুরে তালা

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা এবং তদারকিহীনতায় উপজেলার শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে দায়সারাভাবে প্রতিষ্ঠান পরিচালনার ফলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে।
সরেজমিনে হোসেনপুর দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় এক অবিশ্বাস্য ও চরম বিশৃঙ্খলার চিত্র। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চালু থাকার কথা থাকলেও দুপুর ২টা বাজতেই পুরো মাদ্রাসা শিক্ষক-শূন্য হয়ে পড়ে। প্রতিটি শ্রেণীকক্ষ এবং অফিস কক্ষে ঝুলছিল বড় বড় তালা। পুরো প্রতিষ্ঠানটি যেন একটি ‘পরিত্যক্ত’ ভবনে পরিণত হয়েছে। সবচেয়ে ধৃষ্টতার বিষয় হলো, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে সরকারের কঠোর বিধিমালা থাকলেও ওই সময়ে প্রতিষ্ঠানে কোনো পতাকা দেখা যায়নি, যা জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা এবং রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক সরকার এর কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত অপেশাদার আচরণ করেন। প্রতিষ্ঠানের এই নাজুক অবস্থার সদুত্তর না দিয়ে তিনি ‘আমি এখন তেল নিতে এসেছি’—এমন অদ্ভুত অজুহাত দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একজন দায়িত্বশীল ব্যক্তির এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ মাদ্রাসার অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রমাণ দেন।
অভিযোগ উঠেছে, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে একজন সহকারী শিক্ষা অফিসার শাহজাহান সরকারকে দিয়ে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে নামকাওয়াস্তে চালানো হচ্ছে। পূর্ণাঙ্গ কোনো কর্মকর্তা না থাকায় শাহজাহান সরকারের তদারকি এখন প্রশ্নবিদ্ধ। তার শিথিলতার সুযোগ নিয়ে গ্রামীণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা হাজিরা খাতায় সই করেই গা-ঢাকা দিচ্ছেন। ফলে উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এখন কার্যত অভিভাবকহীন এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
অফিস ও শ্রেণীকক্ষে অকাল তালা এবং শিক্ষকদের ইচ্ছামতো অনুপস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন চরম সংকটে। ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, “শিক্ষা অফিসের কর্মকর্তা যদি নিজেই দায়সারাভাবে চলেন, তবে শিক্ষকরা কেন স্কুলে থাকবেন? তদারকির অভাবেই আজ শিক্ষকরা বেপরোয়া। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই নয়।