খালেদার দুই মামলায় পরবর্তী শুনানি ২২ জুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ জুন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানি আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিতে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে পুনরায় জেরার জন্য দিন ধার্য ছিল। এজন্য দুপুর পৌনে ১২টায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এরপর বেলা ১১টা ৫২ মিনিটে মামলার বিচারকাজ শুরু হয়।

খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

একপর্যায়ে আব্দুর রেজ্জাক খান আদালতকে বলেন আমি অসুস্থ, চিকুনগুনিয়ায় আক্রান্ত। আমাকে জেরার জন্য সময় দিন।

এদিকে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে হাইকোর্টের দেওয়া পুনরায় তদন্তের আবেদন খারিজ করার আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। যা শুনানির জন্য আগামী ৩ জুলাই ধার্য রয়েছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা।

দুপুর সোয়া ১২টার দিকে আদালত ছেড়ে বাসার দিকে চলে যান খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার আদালতে আসাকে কেন্দ্র করে বকশী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। এদিন খালেদা জিয়ার সঙ্গে আদালতে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবীর রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্ট, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী, মীর নাসির, তৈমুর আলম খন্দকার প্রমুখ।

আর আইনজীবীদের মধ্যে ছিলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, নিতাই রায় প্রমুখ।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এ মামলার আসামি বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।