খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত।

শুনানি শেষে বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু সরকারের নির্দেশে রাস্তা বন্ধ থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবীরা ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পেছাতে সময়ের আবেদন করেন। আদালত তা পিছিয়ে ১৩ এপ্রিল ঠিক করেন।

খালেদা জিয়ার আত্মপক্ষ নির্ধারণের পর মামলায় শুরু হয়েছে সাক্ষী ওমর কবিরকে আসামিপক্ষের জেরার মধ্যদিয়ে। জেরা করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।

প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান দেশের বাইরে আছেন। মাগুরার প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক আছেন।

মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।