নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার দুপুরে কারা কর্তৃপক্ষের কাছে এ প্রতিবেদন দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন। ঢামেক পরিচালক বলেন, ‘যে চারজন অধ্যাপক খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছিলেন, তারা চিকিৎসার একটি চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে হস্তান্তর করেছেন। যা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারাই ব্যবস্থা নেবেন।’
সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক শামছুজ্জামান বলেন, ‘খালেদা জিয়ার ঘাড়, হাত ও পায়ে ব্যথা আছে। এ ব্যথার জন্য তিনি আগে থেকেই কিছু ওষুধ খেতেন। এগুলোর পাশাপাশি আরো কিছু ওষুধ ওই দিনই যোগ করা হয়েছে। রক্ত পরীক্ষা ও এক্স-রে করার কথা বলা হয়েছে।’
এর আগে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোববার দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


