নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় চ্যারিটেবল ট্রাস্ট এবং বিএনপির নামীয় সাতটি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট এবং লেজার বুক তলব করেছে আদালত।
বৃহস্পতিবার প্রাক্তন এ প্রধানমন্ত্রীর পক্ষে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।
একই সঙ্গে এ মামলায় এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ১৩ জুলাই ঠিক করেছেন আদালত।
এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভুইয়া বলেন, জিয়া চ্যারিটেল ট্রাস্ট মামলায় দুর্নীতির বিষয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ যেসব ব্যাংক হিসাবের উল্লেখ রয়েছে ওই সব ব্যাংক হিসাবের স্টেটমেন্ট এবং লেজার বুক মামলাটিতে জব্দ করা হয়নি। তাই আমরাই ওই পেপারসগুলো আদালতে উপস্থাপনের আবেদন করেছি। আদালত মঞ্জুর করেছেন। আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগের মাধ্যমে পেপারসগুলো আদালতে আসবে।
এদিকে এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা করেন আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান এবং আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। এদিন জেরা শেষ না হওয়ায় বিচারক অবিশিষ্ট জেরার তারিখ ১৩ জুলাই ধার্য করেন।
আর এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে হাইকোর্টের দেওয়া পুনরায় তদন্তের আবেদন খারিজ করার আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। যা শুনানির জন্য জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
ওই মামলায়ও সময়ের আবেদন মঞ্জুর করে আদালত আগামী ১৩ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে এদিন সানাউল্লাহ মিয়া, জাকির হোসেন ভূঁইয়া, হেলাল উদ্দিন, হান্নান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এ মামলার অন্য আসামিরা হলেন, বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।


