নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবীরা এ আবেদন দায়ের করেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে নিম্ন আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নাইকো দুর্নীতি মামলা নিয়ে প্রাক্তন আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার ক্ষেত্রে এ মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির পর্যায়ে রয়েছে। এ ছাড়া নাইকো দুর্নীতির বিষয়টি ওয়াশিংটনের সালিশী আদালতে বিচারাধীন রয়েছে। ওই সালিশী আদালত গত বছর ১৯ জুলাই এক আদেশ দেন। আদেশে ওই আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখতে বাপেক্স ও পেট্রোবাংলাকে পদক্ষেপ নিতে বলা হয়।
এ আদেশ সংযুক্ত করে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলাটি স্থগিতের আবেদন করেন মওদুদ আহমদ। নিম্ন আদালত গত বছরের ১৬ আগস্ট মওদুদ আহমদের আবেদন খারিজ করে দেন। এ খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন মওদুদ আহমদ। এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট গত বছরের ১ ডিসেম্বর মওদুদের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেন।
আপিল বিভাগ গত বছরের ১১ ডিসেম্বর ওই আদেশ বহাল রাখেন। তবে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এ রুল এখন হাইকোর্টে বিচারাধীন।
এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া গত বছর নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আদালত গত ১৫ ডিসেম্বর খালেদা জিয়ার আবেদন খারিজ করেন। এ আদেশের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন তিনি। এ আবেদনের ওপর শুনানি শেষে গতকাল আদেশ দেন হাইকোর্ট।


