নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে পুনরায় জেরা করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের অস্থায়ী আদালতে এ জেরা হয়।
মামলাটিতে আজ খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। এজন্য বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া।
মামলার শুরুতে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী এ মামলায় সাক্ষ্য দেওয়া ৬, ১২, ১৩, ১৫, ১৬ এবং ১৭তম সাক্ষীকে জেরা করার আবেদন করেন। তারা বলেন, এই ছয় সাক্ষীকে খালেদা জিয়ার পক্ষে জেরা না করে ভুল করেছি। সেই ভুল সংশোধনের জন্য এবং ন্যায়বিচারের স্বার্থে তাদের পুনরায় জেরা করা প্রয়োজন।
দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। তিনি বলেন, তারা একটি আবেদন দিয়ে ছয় সাক্ষীকে পুনরায় জেরার জন্য বলেছেন। কিন্তু সেখানে ছয় সাক্ষীর প্রয়োজন সম্পর্কে কিছু বলেননি। এখানে এ সাক্ষীদের পুনরায় জেরার প্রয়োজন নেই। সাক্ষীরা খালেদা জিয়া সম্পর্কে কোনো কথা বলেননি। বিচার বিলম্বিত ও দীর্ঘায়িত করতে তারা বিভিন্ন ইস্যু করছে। এ অবস্থায় তাদের আবেদনটি নামঞ্জুর করা হোক।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ছয় সাক্ষীকে জেরা করার আবেদন নামঞ্জুর করেন।
এরপর খালেদা জিয়ার আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের জন্য পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন মঞ্জুর করেন।
ওই সময় তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাৎক্ষণিকভাবে তাকে জেরা করতে বলেন। খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম তাকে জেরা করা শুরু করেন। এরপর জেরা পেছানোর জন্য সময়ের আবেদন করেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী জেরার তারিখ ১৫ জুন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তাকে জেরা শেষে মামলায় খালেদা জিয়ার দেওয়া আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্য নেওয়া হবে।
এরপর দুপুর ১টা ২২ মিনিটে খালেদা জিয়া আদালত ছেড়ে চলে যান।
এদিকে খালেদা জিয়ার আদালতে আসাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ’ সদস্য মোতায়েন করা হয়।
এদিন খালেদা জিয়ার সাথে আদালতে হাজির হন রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিণ্টু, আফরোজা আব্বাস প্রমুখ।
মামলাটিতে গত বছর ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সমাপনী বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
এ মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।


