খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রোববার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত করে দিয়ে হাইকোর্টের আদেশ ৪ সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন চেম্বার আদালত।

এর ফলে এই দুই মামলার কার্যক্রম আপাতত স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ৭ মে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ খালেদার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

এর আগে একটি রাষ্ট্রদ্রোহসহ এ নিয়ে খালেদা জিয়ার মোট ৯টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের এই বেঞ্চ।

শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা গত ২৯ মার্চ স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৯ এপ্রিল নাশকতার তিনটি এবং ১৩ এপ্রিল আরো চার মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।