নিজস্ব প্রতিবেদক : রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন। আগামী মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালাত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।


