খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়েছে আগামী ২৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।

১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলা ছিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। এজন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহসহ অধিকাংশ মামলা হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৭ নভেম্বর ঠিক করেছেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, হান্নান ভূঁইয়া, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।

গত বছরের বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।