খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার দুই আসামি মো. আমিনুল হক ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মামলাটি হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা।

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৬ এপ্রিল ঠিক করেন।

মামলার প্রধান আসামি খালেদা জিয়া অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি খালেদা জিয়ার পক্ষে হাজিরা প্রদান করেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। আর খালেদা জিয়ার আইনজীবী হেলাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

মামলায় অভিযোগপত্রভুক্ত আসামির সংখ্যা ১৩ জন। কিন্তু জামায়াত নেতা নিজামী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১১ জন।

মামলার অপর আসামিরা হলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, মঈনুল আহসান, একেএম মোশারফ হোসেন ও ব্যারিস্টার মো. আমিনুল হক। আসামিদের মধ্যে এমকে আনোয়ার সম্প্রতি মারা গেছেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম।

দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ করা হয় মামলাটিতে।