খিলক্ষেতে চাঁদাবাজ চক্রের তাণ্ডব: ভুয়া সাংবাদিকের ছদ্মবেশে সন্ত্রাস, গ্রেফতার ৩

বিশেষ প্রতিনিধি : রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদা না পেয়ে দোকানদারদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দোকান ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। অবশেষে পুলিশের অভিযানে ভুয়া সাংবাদিকসহ তিনজন গ্রেফতার হলেও আতঙ্ক এখনো কাটেনি ব্যবসায়ীদের মাঝে। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা নং- ২৩; তারিখ ২৯/০৩/২০২৬ ইং দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, আসামীরা হলো— ১) সাইফ সুজা ইসলাম (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-খিলক্ষেত বাজার, থানা-খিলক্ষেত, ঢাকা; ২) আঃ কুদ্দুস (৪০), পিতা-অজ্ঞাত, সাং-খিলক্ষেত বাজার, থানা-খিলক্ষেত, ঢাকা; ৩) কামরুল ইসলাম (৪১), পিতা-অজ্ঞাত, সাং-খিলক্ষেত বাজার, থানা-খিলক্ষেত, ঢাকা; ৪) হেলাল উদ্দিন (৩৫), পিতা-মোঃ খায়রুল ইসলাম, মাতা-মোছঃ রাবিয়া খাতুন, স্থায়ী ঠিকানা-ছোতারহুয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর, বর্তমানে খিলক্ষেত বাজার, ঢাকা; ৫) শিমুল (২৫), পিতা-বাদল, সাং-নিকুঞ্জ-২, থানা-খিলক্ষেত, ঢাকা; ৬) রাজিব (২৪), পিতা-অজ্ঞাত, সাং-খিলক্ষেত মধ্যপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকা; ৭) তানভির (২৬), পিতা-অজ্ঞাত, সাং-খিলক্ষেত মধ্যপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
এজাহার সূত্রে জানা যায়, খিলক্ষেত বাজারের বেপারীপাড়া মাছ বাজারে একাধিক অস্থায়ী দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করছিল চক্রটি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানদারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং দোকান ভাঙচুর করা হয়। গত ২৮ মার্চ বিকেলে দোকানদার আজহারুলকে প্রকাশ্যে পিটিয়ে জখম করে এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয় তারা। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া সাংবাদিক ছদ্দবেশধারী কুদ্দুসের নামে মিরপুরে মাদকের মামলা রয়েছে।