খিলক্ষেতে থানা পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযান: চক্রের ২ সদস্য আটক

এস. এম. নাহিদ : রাজধানীর খিলক্ষেতে থানা পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে। এ সময় চক্রের দুই সদস্যকে আটক করা হয়। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নামাপাড়া ও বেপারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, নামাপাড়ার একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে প্রায় ১৮০ থেকে ২০০ লিটার তেল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক জুয়েলকে আটক করা হয়। একই সঙ্গে বেপারীপাড়া এলাকা থেকে আরও ৪০ থেকে ৫০ লিটার তেল উদ্ধার করা হয় এবং রিদয় নামে আরেকজনকে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত তেল অবৈধভাবে মজুদ ও বিক্রি করা হচ্ছিল। ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ জ্বালানি বাজার নিয়ন্ত্রণে রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তেলের উৎস এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।