এস. এম. নাহিদ: রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে উন্মোচিত হয়েছে অবৈধ জ্বালানি মজুদের বড় চক্র। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পৃথক চারটি যৌথ অভিযানে ২ হাজার ৫৫০ লিটার ডিজেল ও ২৪৫ লিটার অকটেনসহ মোট ২ হাজার ৭৯৫ লিটার জ্বালানি উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—খিলক্ষেতের লঞ্জনিপাড়ার মো. কামরুল ইসলাম, পূর্ব নামাপাড়ার মিরাজ এবং দক্ষিণখানের নদ্দাপাড়ার মোহাম্মদ ইসমাইল ও নোয়াপাড়া আমতলার জিতু খান।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ ও মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন। পরে এসব জ্বালানি চড়া দামে বিক্রি করে সাধারণ ভোক্তাদের জিম্মি করে রাখা হচ্ছিল। অভিযান শেষে আটক ব্যক্তিদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


