খিলক্ষেত ৪৩নং ওয়ার্ড : তিন স্তরের সুরক্ষার আড়ালে প্রজন্ম ধ্বংসের মুখে

এস.এম.নাহিদ : রাজধানীর উপকণ্ঠে ৪৩নং ওয়ার্ড তথা কাঠালদিয়া, ডুমনী, পাতিরা, মস্তুল, তলনা ও ঢেলনা এলাকা নিয়ে গঠিত এই জনপদ এখন কার্যত একটি ক্রাইমজোন হিসেবে পরিচিত। পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া বালু নদী এবং দক্ষিণের জনশূন্য প্রশস্থ বালুর মাঠ যেন অপরাধীদের জন্য অদৃশ্য করিডর,আর এই সুবিধা কাজে লাগিয়ে মাদক ও অবৈধ বাণিজ্যের বিস্তার ঘটেছে ভয়াবহভাবে। দিন-রাত নির্বিচারে চলছে গাজা,হেরোইন, ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবার কারবার,অথচ প্রশাসনের চোখ যেন অদৃশ্য কোনো দেয়ালে আটকে আছে।

এখানে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে সুসংগঠিত তিন স্তরের ছত্রছায়ায়। নিচের স্তরে মাঠকর্মী, যারা দৈনিক মজুরিতে মাদক বিক্রি করে।  দ্বিতীয় স্তরে আছে বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠী যারা নিরাপত্তা দেয়। আর তৃতীয় স্তরে পর্দার আড়ালে রয়েছে ডিলাররা, যারা কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি মাদক এনে এলাকার নির্দিষ্ট পয়েন্টে সরবরাহ করে। এই অদৃশ্য চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের ওপর হামলা নামিয়ে আনা হয়। ফলে সত্য প্রকাশের পথ রুদ্ধ হওয়ায় দিনের পর দিন অপরাধীরা হয়ে উঠছে আরো আগ্রাসী, আরো বেপরোয়া।

মাদকের পাশাপাশি এলাকায় বিস্তৃত হয়েছে জুয়ার একাধিক স্পট। নদীর পাড়, ঝোপঝাড়, নির্জন বালুর মাঠ কিংবা কলাবাগান—সবখানেই গভীর রাত পর্যন্ত চলে জুয়াড়িদের আসর। একই সঙ্গে ফোনকলের মাধ্যমে পরিচালিত হচ্ছে দেহব্যবসা, যেখানে যুক্ত হয়েছে পেশাদার চক্র। সামাজিক কাঠামোর ভেতরেই গেড়ে বসা এই অনৈতিক কর্মকাণ্ড এখন পুরো এলাকাকে গ্রাস করেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো – স্কুলপড়ুয়া কিশোরদের একটি বড় অংশ ইতোমধ্যেই নেশার অন্ধকারে ডুবে গেছে।

সবচেয়ে ভয়াবহ চিত্রটি ক্ষমতার বলয়ে। প্রভাবশালীরা নিজেরাই যখন দখলবাজিতে জড়িয়ে পড়ে,তখন ন্যায়বিচার হয়ে পড়ে অধরাই। এলাকাবাসীর প্রশ্ন – কার কাছে যাবে তারা? কার কাছে চাইবে বিচার? আত্মীয়তার জালে আবদ্ধ সমাজে কেউ কারও বিরুদ্ধে দাঁড়াতে পারে না।এমনকি  রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও কার্যত প্রভাবশালীদের চাপের মুখে জিম্মি—ফলে প্রকৃত তথ্য তাদের কাছে পৌঁছায় না। এভাবে চলতে থাকলে ২০ হাজার মানুষের এই জনপদ শুধু অপরাধের মানচিত্রেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংসস্তূপ হিসেবেও চিহ্নিত হবে।