খিলগাঁওয়ে র‌্যাবের গুলিতে নিহত যুবকের কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের গুলিতে নিহত যুবকের কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। এসব বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে।

র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) তুহিন মোহাম্মদ মাসুদ জানান, ওই যুবকের ব্যাগ থেকে তিনটি এবং একটি সুইসাইডাল ভেস্ট থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এসব নিষ্ক্রিয় করছে।

তিনি বলেন, ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র‌্যাব-৩-এর খিলগাঁও শেখের জায়গা চেকপোস্টে ঢোকার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি গুলি চালান। র‌্যাব পাল্টা গুলি চালালে ওই যুবক নিহত হন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হন।

এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।