খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির মাদ্রসাছাত্রীকে গণধর্ষণ

খুলনা: খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ দিন আটকে রেখে নবম শ্রেণির মাদ্রসাছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই কিশোরীকে শনিবার (১৯ অক্টোবর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রোববার (২০ অক্টোবর) দুপুরে খানজাহান আলী থানায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মহানগরীর শিরোমনি এলাকার একটি মাদ্রাসার নবম শ্রেণির  ছাত্রীর সঙ্গে প্রায় ৬ মাস আগে স্থানীয় জাকির নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জাকির গত ৮ অক্টোবর ওই কিশোরীকে ফরিদপুর নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে গত ৯ অক্টোবর খানজাহান আলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। গত ১৭ অক্টোবর মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসে তাকে ফরিদপুরে আটকে রেখে জাকিরসহ তার ৭ থেকে ৮জন বন্ধু গণধর্ষণ করেছে বলে জানায়।
কিশোরীর বাড়ির মালিক মঈনুল খান জানান, গত ৮ অক্টোবর শিরোমণি থেকে মেয়েটিকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছিলো। এরপর জাকির ও তার ৭ থেকে ৮ জন বন্ধু মিলে কিশোরীকে টানা ৯দিন আটকে রেখে গণধর্ষণ করে। এরপর ১৭ অক্টোবর মেয়েটিকে ছেড়ে দিলে সে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে।
খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুপুরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।