জেলা প্রতিনিধিঃ বিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলো ৭ বছরের এক শিশু। খুলনার মহিরবাড়ি খালপাড় এলাকায় বিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ওই শিশুটি।
শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ
শিশুটির পরিবার জানিয়েছে, সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলতে নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় এক যুবক ফুসলিয়ে তাকে পার্শ্ববর্তী একটি বাড়ির সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছে, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি তার পরিবারকে জানিয়েছে, সে ধর্ষককে চেনে না, তবে দেখলে চিনবে।
শিশুটির মা বলেন, আমাদের বাসার পাশেই আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান আজ। সকালে মেয়েকে ১৫-২০ মিনিট পাওয়া না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। আমাদের বাড়ির এক বাড়ি পরে দোতলা বাড়ির সিঁড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তাকে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ বলেন, শিশুটি খুমেকে ভর্তি রয়েছে। ধর্ষককে গ্রেফতার করতে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।


