নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
সোমবার এ প্রতিবেদন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অফিসে জমা দেওয়া হয়। দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখান প্রধান মো. মাসুদুর রহমান বলেন, কমিশনার দেশের বাইরে আছেন। এ কারণে প্রতিবেদনে কি উল্লেখ আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে আশা করছি একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন হয়েছে।’
উল্লেখ্য, ২০ জুলাই সকালে পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহত হন সিদ্দিকুর। তার দুচোখেই আঘাত লাগে। এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
সিদ্দিকুর রহমান বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন। গত শুক্রবার অস্ত্রোপচার শেষে শনিবার তাঁর চোখের ব্যান্ডেজ খোলা হয়।


