গাইবান্ধায় নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৬ গ্রাম প্লাবিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই ইউনিয়নে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৬ গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামে পানির প্রবল চাপে চেরেঙ্গা বাঁধের ৩০ ফিট ধসে যায়। এতে চেরেঙ্গা, কিশামত চেরেঙ্গা, করিয়াটাসহ একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে।

এর আগে উপজেলার কিশোরগাড়ী ইউপির টোংরারদহ এলাকায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬০ফিট অংশ ধসে যায়। এতে উপজেলার কিশোরগাড়ী ইউপির বড় শিমুলতলা, তেকানী, প্রজাপাড়া, কেশবপুর, চকবালা, সগুনা, পশ্চিম মির্জাপুর, কাশিয়াবাড়ী, কিশোরগাড়ী, গনকপাড়া, হাসানখোর, জাফর, মুংলিশপুরসহ ১৩ গ্রাম প্লাবিত হয়েছে।

ওইসব গ্রামের আমন ধানখেত, বীজতলা, শাক-সবজিরখেত, পানবরজ, আখখেতসহ বিভিন্ন কাঁচা তরি-তরকারিখেত পানিতে তলিয়ে গেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। সেই সঙ্গে জলাবদ্ধতার কারণে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, এলাকাবাসীর সহায়তায় বাঁধের ধসে যাওয়া অংশে বালির বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। পানি আটকানো সম্ভব না হলে দুই ইউনিয়ন পানিতে তলিয়ে যাবে বলে জানান তারা।