এস,এম,মনির হোসেন জীবন: রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরীর কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় সাদেক আলী (৩৭) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ী ও দোকান মালিক খুন হয়েছে। নিহত সাদেক (৩৮) নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কুদ্দুস শেখের ছেলে। তিনি সফিপুর এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় বাজারে শাহচন্দ্রপুরী স্টিল হাউজ এন্ড ইজিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করতেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ,নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, গাজীপুরের সফিপুর রশিদ নূরজাহান প্লাজায় একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতো সাদেক আলী। সম্প্রতি সাদেকের ওয়ার্কশপের কর্মচারী নাজমুল হাসানের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির মনোমালিণ্য ও ঝগড়া হয়। পরবর্তীতে সাদেক তা মীমাংসা করে দেন এবং নাজমুলকে তার প্রতিষ্ঠান থেকে বের করে দেন। মঙ্গলবার রাতে নাজমুল ফোন করে সাদেক আলীকে ওয়ার্কশপে ডেকে নেন। ঘটনার দিন রাত ১০টার দিকে ওয়ার্কশপে সাদেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পাহারাদার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সফিপুর জেনারেল হাসপাতালের ডিউটি ডাক্তার মেহেদী রায়হান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনার পর থেকে নিহতের কর্মচারী নাজমুল হোসেন পলাতক রয়েছেন। ছাদেক আলীর ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা লুন্ঠিত মালামাল উদ্বার করতে পারেনি।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান জানান, নিহত সাদেকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খুনের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।


