গাজীপুরে ক্রিকেটে অসামান্য কৃতিত্ব দেখালেন টঙ্গীর আসিফ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে ক্রিকেটে অসামান্য কৃতিত্ব দেখালেন টঙ্গীর আসিফ আবেদীন। জেলা ক্রিকেট একাডেমীর টি-২০ টুর্ণামেন্টে অসামান্য কৃতিত্বের সাথে জয়লাভ করেছে তার দল গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী। মঙ্গলবার রাজেন্দ্রপুর বরকত স্মরণী মাঠে আয়োজিত টুর্ণামেন্টে গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী ও মন্ডল এগ্রোর মধ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে জেলা ক্রিকেট একাডেমী বিজয় লাভ করে।

এ টুর্ণামেন্টে টস জিতে প্রথমে ব্যাটিং করেন গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী। এতে ওপেনার ব্যাটসম্যান আসিফ আবেদীন দুর্দান্ত ব্যাটিং করে ৪২ বলে ১৯টি ছক্কা ও ১টি চারের মাধ্যমে ১২২ রানের ওপর ভর করে গাজীপুর জেলা ক্রিকেট একাডেমী সবগুলো উইকেট হারিয়ে ২৪৮ রান করে। জবাবে মন্ডল এগ্রো ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২৪৫ রান সংগ্রহ করে। এতে জেলা ক্রিকেট একাডেমী ৩রানে জয় লাভ করে।
এব্যাপারে গাজীপুর জেলা ক্রিকেটের প্রধান প্রশিক্ষক লিটন জাহিদ বলেন, আসিফ আবেদীনসহ তার টিম খুব ভালো খেলেছে। আসিফের পারফরমেন্স যথেষ্ট ভালো। এসব খেলোয়াড়রা সুযোগ পেলে দেশ এবং বিদেশ খেলার মাঠে আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।

প্রসঙ্গত: আসিফ আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিকেএসপিতে ঢাকা লীগে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি মাসকো-সাকিব ক্রিকেট একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন।