গাজীপুরে গো-খামারে ১৪ গরু লুট

ডাকাতি

গাজীপুরে খামারের কর্মীদের বেঁধে রেখে খামারের ১৪টি গরু লুট করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ট্রাকযোগে গাজীপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের ময়না ডেইরি খামার থেকে গরুগুলো লুট করা হয়।

খামারের কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, কমপক্ষে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত সীমানা প্রাচীর টপকিয়ে খামারে প্রবেশ করে। তারা খামারের একজন নৈশ প্রহরী ও দুকর্মীর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ফেলে রাখে। পরে খামারের গেট ও শেডের তালা কেটে ষাঁড়, গাভী ও বাছুরসহ ট্রাকযোগে ১৪টি গরু লুটে করে নিয়ে গেছে। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালানো হচ্ছে। খামারের মালিক আব্দুল কাইয়ুম মামলার প্রস্তুতি নিচ্ছেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।